Ridge Bangla

কলকাতায় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ ২০ জন শ্রমিক

কলকাতার আনন্দপুর থানাধীন নাজিরাবাদ এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার প্রায় ১৯ ঘণ্টা পার হলেও সোমবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চারদিকে ছড়িয়ে রয়েছে কালো ছাই। পুড়ে যাওয়া গুদাম ও কারখানা এলাকা জুড়ে ছড়াচ্ছে পোড়া চামড়ার তীব্র গন্ধ।

দমকল সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতটি দগ্ধ দেহাংশ উদ্ধার করা হয়েছে। এর আগে পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া আরও তিনটি দেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া দেহাংশগুলো মানুষের কি না এবং মোট কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত মৃতের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে নাজিরাবাদের দুটি বিশাল গুদামে আগুন লাগে। গুদাম দুটি একটি নামী মোমো প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বলে জানা গেছে। সেখানে কোমল পানীয় ও শুকনো খাবারের প্যাকেট মজুত ছিল।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাতে গুদামের ভেতরে একাধিক শ্রমিক ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা ভেতরেই আটকে পড়েন, যার ফলে হতাহতের আশঙ্কা বাড়ছে। আগুন নেভাতে দমকল বাহিনীর অন্তত ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করে। দমকলকর্মী ও পুলিশকে দীর্ঘ সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে দাহ্য সামগ্রীর আধিক্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

This post was viewed: 6

আরো পড়ুন