Ridge Bangla

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫ জন

পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাতের দিকে এম এ জিন্নাহ সড়কের গুল প্লাজা নামের এই শপিংমলে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশের পক্ষ থেকে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

গুল প্লাজায় প্রায় ১,২০০টি ছোট-বড় দোকান রয়েছে। এখানে কাপড়, ইলেকট্রনিকসামগ্রী, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আপাতত আগুনের মাত্র প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনটি পুরোনো হওয়ায় যে কোনো সময় কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে। তারা আরও জানিয়েছেন, ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

This post was viewed: 20

আরো পড়ুন