Ridge Bangla

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সন্ধ্যায় কড়াইল বস্তি ও আশপাশের এলাকা হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে, যা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যদের ব্যাপক বেগ পেতে হয়। আগুনের ভয়াবহতার কারণে এখনো সঠিক ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। তবে অনেক পরিবার তাদের একমাত্র আশ্রয়স্থল হারিয়েছে বলেও জানান।

তারেক রহমান ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া জানিয়ে বলেন, বিএনপি এ দুর্যোগে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টাকে গভীরভাবে সাধুবাদ জানায়। তাদের অক্লান্ত পরিশ্রম দেশবাসীকে নতুন করে সাহস ও প্রেরণা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগুনের বিস্তার দ্রুতই সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসবে এবং কোনো প্রাণহানি না ঘটে। এই জন্য তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন।

বিবৃতিতে তিনি কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, বড় দুর্যোগের এই মুহূর্তে তারা ধৈর্য ও সাহস ধরে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন বলে তার দৃঢ় বিশ্বাস। তিনি আরও বলেন, বিপর্যয়ের সময়ে জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টাই মানুষের পুনর্বাসনের পথ সুগম করবে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টা শেষে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

This post was viewed: 70

আরো পড়ুন