কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহেরাজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চারতলা মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শাহ গদি এন্ড ইলেকট্রনিকস’ দোকানের গোডাউনে আগুন লাগে।
মার্কেটে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, ফার্মেসি এবং অন্যান্য পণ্য বিক্রির দোকান রয়েছে। মার্কেটের চতুর্থ তলায় শিশু শিক্ষার্থীদের জন্য আবাসিক হেফজখানা থাকায় আগুনের বিষয়টি তৎক্ষণাৎ আরও উদ্বেগের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত মার্কেটের নিচ তলার পেছনের একটি রেস্তোরার রান্নার চুলো থেকে হতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে মার্কেটের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। উপস্থিত স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পরও মার্কেটের কিছু দোকান এবং মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, এখনো আগুনে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি। তারা জানিয়েছেন, মার্কেটের মালিক এবং স্থানীয় প্রশাসন একসাথে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।