Ridge Bangla

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ২৪ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার, আটক ২ জন

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় র‍্যাবের বিশেষ অভিযানে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি বলেন, সাগরপথে মাদকের একটি বড় চালান পাচার করে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার উপকূলীয় প্যারাবনে মজুদের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে একটি বিশেষ দল অভিযান চালায়।

র‍্যাব জানায়, অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যে প্যারাবনের ভেতরে বালিচাপা অবস্থায় প্লাস্টিক চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হেরোইন। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা বলে জানান র‍্যাবের অধিনায়ক।

আটককৃতরা হলেন চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)। র‍্যাব-১৫ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সাগরপথে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

This post was viewed: 14

আরো পড়ুন