Ridge Bangla

ওসিকে ধাক্কা দিয়ে ছাত্রলীগ নেতার পলায়ন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি সংক্রান্ত অনিয়ম ঠেকাতে টহল ও সতর্কতামূলক অভিযান চলছিল পুলিশের একটি দলের। সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে এই অভিযানে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করতেই গত শনিবার (১৭ জানুয়ারি) দুপুরের পর এই টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ওসি সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত মজিবুর সরদারের ছেলে আতিকুর রহমান সোমেলকে দেখলে অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তার পরিচয় জানতে চান। কিন্তু ওসি নাজিম উদ্দিনের কথার কোনো জবাব না দিয়ে আতিক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

পুলিশ সূত্র জানায়, পেছন থেকে ধাওয়া করে আতিককে ধরতে গিয়ে ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায়। এই ঘটনায় আহত হয়ে তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হয়। পরে জানা যায়, আতিকুর রহমান সোমেল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সখিপুর থানার সভাপতি।

এই বিষয়ে জানতে চাইলে ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, সখিপুর বাজারে ভোজ্য তেল ব্যবসায়ীদের সতর্ক করার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছিল। সেখানে একটি দোকানে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে দেখলে সন্দেহ হয়। তার পরিচয় জানতে চাইলে কথার জবাব না দিয়ে তিনি আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

এতে আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে গেছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 8

আরো পড়ুন