Ridge Bangla

ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রাথমিক সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শারীরিক অবস্থায় সাময়িক কিছু অবনতি থাকলেও বর্তমানে তা স্থিতিশীল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাদির আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে বর্তমানে তার শরীর সেই অপারেশনের জন্য উপযোগী নয়।

সিঙ্গাপুরে পৌঁছানোর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সরাসরি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। এ সময় তার ভাই ও ঘনিষ্ঠ বন্ধু আমিনুল হাসান ফয়সালও সঙ্গে ছিলেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় চলন্ত রিকশায় হাদিকে গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি কল কনফারেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হবে। দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে। ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন