আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গণ–অভ্যুত্থান–সমর্থক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করে বলেন, এই ঐক্য ভেঙে গেলে দেশ আবারও মহাবিপদের মুখে পড়তে পারে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন তারা ভোট দিতে উদগ্রীব, তাই এই নির্বাচনের সফল আয়োজনের জন্য রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক সমন্বয় অপরিহার্য।
ড. ইউনূস বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ব্যাপক গণঅভ্যুত্থান হয়েছিল, সেই সময়ে মানুষ মৃত্যুকে উপেক্ষা করে যে বিরল ঐক্য গড়ে তুলেছিল, তা যাতে সামান্য মতানৈক্য বা দলীয় বিরোধে ভেঙে না যায়। তিনি স্মরণ করিয়ে দেন, ১৩৩ জন শিশু, অসংখ্য তরুণ–তরুণী, হাজার হাজার নারী–পুরুষের জীবন উৎসর্গ এবং বহু আহত নাগরিকদের আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে আছে। তাদের প্রতি সম্মান জানিয়ে ভিন্নমতের প্রতি সহিষ্ণু হতে হবে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে বলেই তিনি বিশ্বাস করেন। তিনি আশা প্রকাশ করেন, একটি আনন্দঘন ও উৎসবমুখর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে। ভাষণের শেষে তিনি দেশবাসীর প্রতি আল্লাহর রহমত কামনা করে বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে। আল্লাহ আমাদের সহায় হোন। আল্লাহ হাফেজ।”