Ridge Bangla

এশিয়া কাপ: ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ নারী দল

আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক ফাহিমার পাশাপাশি আছেন অভিজ্ঞ ক্রিকেটার শামীমা সুলতানা, ইশমা তানজিম ও লতা মণ্ডল। নতুন ও উদীয়মান খেলোয়াড়দের মধ্যে সুযোগ পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা এবং তাজ নেহার। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন সাদিয়া আক্তার।

অন্যদিকে, গত ওয়ানডে বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়া জান্নাতুল ফেরদৌস সুমনা জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন। তাকে বাদ দেওয়ার আগে সমালোচনার ঝড় উঠেছিল। এবার নিজের যোগ্যতা প্রমাণের মঞ্চ পাবেন এই ব্যাটার।

বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে খেলবে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ১৪ ফেব্রুয়ারি, স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি এবং মালয়েশিয়ার সঙ্গে ১৮ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে।

বাংলাদেশ স্কোয়াড: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

This post was viewed: 4

আরো পড়ুন