Ridge Bangla

এলপিজি গ্যাসের দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩০৬ টাকা

চলতি জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, ঘোষিত নতুন দাম আজ সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের মাসিক দর, ডলারের বিনিময় হার এবং স্থানীয় পরিবহন ও বিপণন ব্যয় বিবেচনায় নিয়ে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসেও এলপিজির দাম বাড়ানো হয়েছিল। গত ২ ডিসেম্বর বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছিল। অর্থাৎ টানা দুই মাস ধরে এলপিজির দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন