Ridge Bangla

এমপিওভুক্ত চাকরিজীবীদের জন্য ঋণসুবিধা চালু করলো কৃষি ব্যাংক

সীমিত আয়ের সরকারি ও এমপিওভুক্ত চাকরিজীবীদের জন্য ‘পার্সোনাল লোন’ নামে একটি নতুন আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক। জীবনযাত্রার মান উন্নয়ন ও সাময়িক আর্থিক সংকট মোকাবেলায় এই ঋণ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঋণ সুবিধা পাবেন সরকারি, আধা-সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। তবে তাঁদের চাকরির মেয়াদ কমপক্ষে ২ বছর এবং ফান্ড রিলিজ লেটার (FRL) সহ মোট চাকরির মেয়াদ অন্তত ৫ বছর হতে হবে।

কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পূর্বে কনজিউমার ক্রেডিট সুবিধা গ্রহণ করেছেন, তারা এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন না।

ঋণের শর্তাবলি অনুযায়ী:

  • সর্বনিম্ন ঋণের পরিমাণ: ১ লক্ষ টাকা

  • সর্বোচ্চ ঋণের পরিমাণ: ১০ লক্ষ টাকা

  • সুদের হার: ৯ শতাংশ (পরিবর্তনযোগ্য)

  • মেয়াদকাল: সর্বোচ্চ ৫ বছর

  • প্রসেসিং ফি: ৫০০ টাকা

  • মাসিক কিস্তি: অ্যামোরটাইজেশন পদ্ধতিতে নির্ধারিত হবে এবং যাদের বেতন কৃষি ব্যাংকে জমা হয়, তাঁদের ক্ষেত্রে কিস্তি বেতন থেকেই স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

মাসিক কিস্তির উদাহরণ:

  • ১ লক্ষ টাকা ঋণে ১ বছরের জন্য কিস্তি ৮,৭৪৫ টাকা এবং ৫ বছরের জন্য ২,০৭৬ টাকা।

  • ১০ লক্ষ টাকা ঋণে ৫ বছরের কিস্তি ২০,৭৬০ টাকা।

আগ্রহী গ্রাহকদের নিজ নিজ কৃষি ব্যাংক শাখার ইনভেস্টমেন্ট বা ক্রেডিট ডেস্কে সরাসরি যোগাযোগ করে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা সেখান থেকেই সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ কৃষি ব্যাংক জানিয়েছে, “সীমিত আয়ের চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে।”

This post was viewed: 39

আরো পড়ুন