আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার পর দিবাগত রাতে তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
এই অস্বাভাবিক ঘটনার ধারাবাহিকতায় ঝালকাঠিসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) দুপুরে শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হন। এরপর একই দিন দিবাগত রাতে ঝালকাঠির নলছিটিতে তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
জানা যায়, নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদির গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই পরিবারের সদস্যরা দ্রুত ঢাকার পথে রওনা হন। এরপর বাড়িটি সম্পূর্ণ তালাবদ্ধ ও জনমানবশূন্য হয়ে যায়। সেই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা পেছনের জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, চোরেরা ঘরের ভেতরের আলমারি ভেঙে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে। তবে ঠিক কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ভোররাতে নামাজ পড়তে বের হওয়া এক প্রতিবেশী বাড়ির পেছনে দুজনকে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন বলে জানা গেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এই চুরির খবর নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।