Ridge Bangla

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে দুদক

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, সম্প্রতি এনএসআইয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে। প্রাথমিকভাবে এসব অভিযোগের গোপন অনুসন্ধান চালিয়ে আমলযোগ্য তথ্য ও প্রমাণ পাওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হয়। এই অনুসন্ধান কার্যক্রম দুদকের মানিলন্ডারিং শাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

অনুসন্ধানের আওতায় থাকা ১৩ জন কর্মকর্তার মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক, ছয়জন যুগ্ম পরিচালক এবং চারজন উপপরিচালক রয়েছেন। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এমএসকে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন; যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জিএম রাসেল রানা, এফএম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক; এবং উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।

দুদক জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং, ঘুষ গ্রহণ এবং নিজ ও তাদের স্ত্রীদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করতে অনুসন্ধান কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন