নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী তার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও তার চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, নিউরোসার্জনদের মতে, এই মুহূর্তে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ডা. আহাদ জানান, সর্বশেষ ব্রেন সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ব্রেনে সৃষ্ট ফোলা বা ইডেমাও কমেনি। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে যে চাপ তৈরি হয়েছে, সেটি চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) স্কোরেও কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ নিউরোলজিক্যাল অবস্থায় দৃশ্যমান উন্নতি বা অবনতি- কোনোটিই লক্ষ্য করা যাচ্ছে না।