অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। যাচাই প্রক্রিয়া শেষে এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদন সংসদে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে জারি করা এসব অধ্যাদেশ বর্তমান প্রেক্ষাপটে কতটা কার্যকর ও জনস্বার্থে উপযোগী তা যাচাই করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
জয়নুল আবেদীন জানান, প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পর্যালোচনা করা সম্ভব হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের মধ্যে মতভিন্নতা রয়েছে, যা পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, দ্রুত কাজ শেষ করতে বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় দ্বিতীয় বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ না হলে প্রয়োজনে আরও বৈঠক ডাকা হবে। তবে আগামী মাসের শুরুতেই পুরো প্রক্রিয়া শেষ করে প্রতিবেদন সংসদের কাছে উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।