মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে শুক্রবার রাত ১২টায় তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। পরে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
এ সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাজারো মানুষও ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে শরিক হন।