মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের স্মৃতির প্রতি সম্মান জানাবেন প্রধানমন্ত্রী। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মদান বাঙালি জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে এ কর্মসূচি পালিত হবে।
প্রতিবছর মহান শহিদ দিবসের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের স্মরণ করেন। এ বছরও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।