Ridge Bangla

একসঙ্গে রজনীকান্ত-আমির, ‘কুলি’তে চমক

দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হলো—প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন দুই সুপারস্টার, রজনীকান্ত ও আমির খান। তামিল অ্যাকশন থ্রিলার ‘কুলি’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

অভিনয়ে যাওয়ার আগে সাধারণত চিত্রনাট্য, চরিত্র ও সংগীত নিয়ে বিস্তর প্রস্তুতি নেওয়ার জন্য পরিচিত আমির খান। কিন্তু ‘কুলি’র ক্ষেত্রে তিনি ব্যতিক্রম করেছেন। তিনি বলেন, “লোকেশ যখন আমাকে বলল রজনীকান্ত স্যার এই ছবিতে আছেন, তখনই আমি রাজি হয়ে যাই। আমি উনার দারুণ ভক্ত, তাই গল্প জানারও প্রয়োজন হয়নি।”

সিনেমাটিতে আমির খান একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করছেন, যা দেখা যাবে ছবির শেষাংশে। পরিচালক লোকেশ কানাগরাজের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই শুটিং করেছেন তিনি। আমির জানান, “আমি শুধু সেটে গেছি এবং পরিচালকের নির্দেশ মতো কাজ করেছি।”

‘কুলি’ সিনেমায় রজনীকান্ত ও আমির ছাড়াও আছেন দক্ষিণী তারকা নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির এবং উপেন্দ্র। ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স। পরিচালনায় রয়েছেন লোকেশ কানাগরাজ, যিনি এর আগে ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

‘কুলি’ মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট। পাশাপাশি আমির আরও জানিয়েছেন, তিনি লোকেশের সঙ্গে আরেকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করবেন। ছবির নাম এখনো প্রকাশ না হলেও জানা গেছে, এটি নির্মাতা লোকেশের পরবর্তী প্রজেক্ট ‘কয়েদি’ শেষ হওয়ার পরই শুরু হবে। নতুন সিনেমার শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষার্ধে।

This post was viewed: 233

আরো পড়ুন