শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা জনসম্মুখে এসে জবাবদিহি না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না। প্রয়োজনে জীবন দিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি অভিযোগ করেন, শহিদ ওসমান হাদির রক্তে রঞ্জিত এই ভূমিতে দাঁড়িয়ে আন্দোলনকারীদের দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অথচ জনগণের দাবি উপেক্ষা করে সরকার ক্যান্টনমেন্টকেন্দ্রিক সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নামার কথা জানান আন্দোলনকারীরা। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাপক জনসমাগম সৃষ্টি হলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা।