Ridge Bangla

উত্তরায় গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দুলারা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাজেদ মাতব্বর জানান, ভোরের দিকে উত্তরার কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের সদস্যরা দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, দগ্ধ রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাইপ্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়ার শরীরের ১০০ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, রুবেলের ৩২ শতাংশ এবং রিয়ার ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া অন্যদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধদের আইসিইউতে রাখা হয়েছে এবং বাকিদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন