পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় চাঁদাবাজি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার গঠন করতে না পারলেও তাঁর প্রধান লক্ষ্য থাকবে একটি চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে ঈশ্বরদীতে ফিরলে দলীয় নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে মুলাডুলি বাজারে পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কয়েকশ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তাঁকে পৌর শহরের আলহাজ মোড়ে আনা হয়।
সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মণ্ডল জানান, শপথ নেওয়ার পরপরই তিনি রেল সচিবের সঙ্গে কথা বলেছেন। ঈশ্বরদী রেলগেটের দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছে। এ ছাড়া এলাকার অবহেলিত রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিতে সতর্ক করে দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।