পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে পদ্মা বহুমুখী সেতু, যমুনা সেতু ও মুক্তারপুর সেতুতে যানবাহনের দ্রুত ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ সভাপতিত্ব করেন।
সভায় তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টোল প্লাজাগুলোতে ইটিসি লেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “চালকরা যাতে কোনো বিরতি ছাড়াই দ্রুত সেতু পার হতে পারেন, সে লক্ষ্যে ইটিসি লেনগুলো শতভাগ কার্যকর রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জানান, ইটিসি সিস্টেম বাস্তবায়নে বিআরটিএ সর্বোচ্চ সহযোগিতা করবে এবং পরিবহন মালিক সমিতি ও নেতারা এ উদ্যোগে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ ছাড়া, বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির সহযোগিতায় দ্রুত সব বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনে আরএফআইডি ট্যাগ স্থাপন ও নিবন্ধন কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল অ্যাকাউন্ট রিচার্জে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক সুবিধা নিশ্চিত করারও ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সেতু বিভাগ, বিআরটিএ, পরিবহন সমিতি এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।