Ridge Bangla

ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১ জন

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের নামাজে কে ইমামতি করবেন, তা নির্ধারণে শনিবার সন্ধ্যায় সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহ মাঠে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রামের দুটি পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নিহতের মরদেহ তাঁর বাড়িতে রাখা হয়েছে।

মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আলাউদ্দিন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

This post was viewed: 2

আরো পড়ুন