Ridge Bangla

ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না: সড়কমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সম্ভাব্য জ্বালানি সংকটের অজুহাতে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না।

রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রা করে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের ঘাটতির কারণে ঈদযাত্রায় কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও সুযোগ নেই। বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসসহ অন্যান্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে মেট্রোরেলের সঙ্গে মনোরেলসহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন