Ridge Bangla

ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪ দিনে টোল আদায় প্রায় ১৫ কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরা শুরু হওয়ায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ঈদযাত্রার প্রথম চার দিনে সেতুতে বিপুল সংখ্যক যানবাহন পারাপারের পাশাপাশি টোল আদায়ও প্রায় ১৫ কোটি টাকায় পৌঁছেছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ থেকে ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ২৭৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই মুন্সীগঞ্জের লৌহজং এলাকার উত্তর টোল প্লাজায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ লক্ষ্য করা যায়। সকাল থেকে সেতু পারাপারে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলেও বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাত্রা বাড়ছে। ফলে আগামী দিনগুলোতে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সেতু কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে থেকে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করছে।

This post was viewed: 5

আরো পড়ুন