Ridge Bangla

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড কার্যক্রম দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। জানানো হয়, শুধু এলজিইডিরই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব অবকাঠামোকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশে প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের পরিসংখ্যান তুলে ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার ৮০ শতাংশ নারী, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন