Ridge Bangla

ইসির সম্মেলনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইলেন এসপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছে পুলিশ সুপাররা (এসপি)। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে পুলিশ সুপাররা নির্বাচনী মাঠের বাস্তব চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পুলিশ সুপাররা জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও মাঠপর্যায়ে এখনও যানবাহন ও জনবল সংকট রয়েছে। এ কারণে জনবল বৃদ্ধি করা জরুরি বলে তারা মত দেন। একই দিনে একাধিক নির্বাচন হলে তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলেও তারা সতর্ক করেন।

তারা আরও বলেন, নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের সম্পৃক্ত করার সুপারিশ করেন পুলিশ সুপাররা। পাশাপাশি বিগত নির্বাচনে পুলিশের জন্য বরাদ্দ বাজেটে বৈষম্য ছিল উল্লেখ করে আসন্ন নির্বাচনে বাজেট বাড়ানোর দাবি জানান তারা।

এদিকে জেলা প্রশাসকরা (ডিসি) বলেন, মাঠপর্যায়ে এখনও যেসব বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো দ্রুত রিকভারি করতে পুলিশের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। দুর্গম ও দূরবর্তী এলাকায় যাতায়াতের সুবিধার্থে হেলিকপ্টার ব্যবহারের সুপারিশও করা হয়। তারা জানান, এআই প্রযুক্তি ও অপতথ্য প্রচার বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

তারা আরও জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন এবং আইনের বাইরে তারা কোনো কাজ করতে রাজি নন। বিভিন্ন উপজেলায় সহিংসতায় সরকারি গাড়ি পুড়ে যাওয়ায় সেখানে নতুন যানবাহনের প্রয়োজন দেখা দিয়েছে। পাশাপাশি গণভোটের প্রচারের সময় বাড়ানো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।

This post was viewed: 20

আরো পড়ুন