ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এসব ফলাফল আপলোড করা হয়। ফলে এখন ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টরা প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল সহজেই যাচাই করতে পারবেন।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুসহ বিভিন্ন কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল আপাতত স্থগিত রয়েছে। সে কারণে ২৯৭টি আসনের বিস্তারিত কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আদালতে বিচারাধীন মামলার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। মামলার নিষ্পত্তির পর এ দুটি আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বগুড়া-৬ আসনেও একই দিনে ভোট অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।