Ridge Bangla

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতির দাবি

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে দলটি এসব দাবি তোলে।

এ মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারাও একই দাবি জানান। দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিরপেক্ষ বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাবেশে দলটি মোট ১৬ দফা দাবি তুলে ধরে। বক্তারা বলেন, আগামীর জাতীয় নির্বাচনে তারা জোটবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করছেন। বিশেষ করে ইসলামপন্থী ও আদর্শভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানান নেতারা।

সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে শুরু করেন। একপর্যায়ে পুরো সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের এলাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও মৎস্য ভবনের সামনের রাস্তাতেও অবস্থান নেন অনেকে।

নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থাহীন হয়ে পড়েছে। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রাপ্ত ভোট অনুযায়ী আসন বণ্টনের (পিআর পদ্ধতি) দাবি জোরালো করেন তারা। তাদের মতে, তাতেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।

মহাসমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। দলটির নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত গণসংযোগ ও আন্দোলন চালিয়ে যাবে ইসলামী আন্দোলন।

This post was viewed: 266

আরো পড়ুন