Ridge Bangla

ইসলামাবাদ বৈঠক: সমঝোতা ছাড়াই ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা কোনো ধরনের কার্যকর সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংলাপে বড় কোনো ঐকমত্য না হওয়ায় বর্তমানে বিষয়টি স্থবির হয়ে পড়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, আলোচনার টেবিলে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থাপিত কিছু ‘অবাস্তব ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তের কারণে কোনো রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হয়নি। ইরানের কর্মকর্তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে এমন সব সুবিধা আদায় করতে চাইছে, যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জনে ব্যর্থ হয়েছে।

আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরান সূত্রের খবর অনুযায়ী, আলোচনায় ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিনিধি দলটি অত্যন্ত কঠোর অবস্থান বজায় রাখে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো নিয়ে চাপ দিচ্ছিল, তা ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে তারা মনে করেন।

বৈঠকে প্রধানত দুটি বিষয়ে দুই দেশ মুখোমুখি অবস্থানে ছিল। প্রথমত, হরমুজ প্রণালি। এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। দ্বিতীয় বিষয়টি ছিল পারমাণবিক কর্মসূচি। ইরান থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ার মার্কিন দাবিকে অবাস্তব হিসেবে দেখছে দেশটি।

দীর্ঘ সময়ব্যাপী চলা এই ম্যারাথন বৈঠক শেষে কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হওয়ায় মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে তেহরান-ওয়াশিংটন সম্পর্কের শীতলতা আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে।

This post was viewed: 4

আরো পড়ুন