ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুদ্ধে ইরানকে ‘কোনো ছাড় দেওয়া হবে না’। তাঁর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, “আমরা চাপ অব্যাহত রাখব, আঘাত হানব এবং সামনে এগিয়ে যাব। শত্রুদের কোনো ছাড় দেওয়া হবে না, কোনো দয়া দেখানো হবে না।”
এই মন্তব্যের পর মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ আইনের প্রশ্ন তুলতে পারে। তাদের মতে, যুদ্ধের সময়ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা।
গত সপ্তাহে তেহরানে তেল ডিপোতে বিমান হামলার পর শহরের আকাশ আগুনের লাল আভায় ঢেকে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, চলমান সংঘাতের মধ্যে এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।