Ridge Bangla

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল চীন। মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “মধ্যপ্রাচ্যে আমরা আর উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “সেনা অভিযান কখনোই শান্তি আনতে পারে না। সমস্যার স্থায়ী সমাধান কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে এবং এটি কার্যকর হয়েছে মঙ্গলবার ভোর ৪টা (গ্রিনিচ মান সময় অনুযায়ী)। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইসরায়েল ইরানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তোলে, যা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি অস্বীকার করেছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) এক বিবৃতিতে বলেছে, “যেকোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।”

চীন শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে কূটনৈতিক সমাধান ও শান্তিপূর্ণ আলোচনার ওপর জোর দিয়ে আসছে। এবারও তারা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে—বিষয়টি যুদ্ধ দিয়ে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।

This post was viewed: 37

আরো পড়ুন