Ridge Bangla

ইরানে স্থল অভিযান চালানোর ‘প্রবল’ সম্ভাবনা রয়েছে: ইরানি কুর্দি নেতা

ইরাকের উত্তরাঞ্চলের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আশ্রয় নেওয়া ইরানি কুর্দি জাতীয়তাবাদী গোষ্ঠীর এক নেতা বলেছেন, ইরানি কুর্দিরা সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে স্থল সামরিক অভিযান চালানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

‘খাবাত অর্গানাইজেশন অব ইরানি কুর্দিস্তান’-এর সাধারণ সম্পাদক বাবাশেখ হোসেইনি শুক্রবার সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। হোসেইনি বলেন, বর্তমানে কোনো অভিযান চলছে না। তবে দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। তাঁর ভাষায়, “আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছি। এখন পরিস্থিতি আমাদের অনুকূলে। তাই অভিযানের জোরালো সম্ভাবনা রয়েছে।”

ইরাকের কুর্দি অঞ্চল থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে স্থল সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

কুর্দি এই নেতা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বিভিন্ন মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো বৈঠক হয়নি, তবু যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইরানের বিভিন্ন কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর অনেক সদস্য বর্তমানে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বিশ্লেষকদের মতে, যদি সীমান্ত পেরিয়ে এমন কোনো স্থল অভিযান শুরু হয়, তাহলে তা ইরান–ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

This post was viewed: 2

আরো পড়ুন