Ridge Bangla

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৬ হাজারের কাছাকাছি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের কারণে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। সংস্থাটি জানিয়েছে, আরও কয়েক হাজার মৃত্যুর খবর যাচাই-বাছাই করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যে তা সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন শহরে বড় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর নজিরবিহীন দমন-পীড়নের অভিযোগ এনেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এ পর্যন্ত ৫ হাজার ৮৪৮ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা গেছে। এর মধ্যে ৫ হাজার ৫২০ জন বিক্ষোভকারী, ৭৭ জন অপ্রাপ্তবয়স্ক, ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪২ জন পথচারী। সংস্থাটি আরও ১৭ হাজার ৯১ জনের সম্ভাব্য মৃত্যুর তথ্য যাচাই করছে।

এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকার প্রথমবারের মতো এ বিষয়ে তথ্য দিয়েছে, যেখানে জানিয়েছে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছে। তবে নেটব্লকসসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইন্টারনেট বন্ধ করে তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া দাবি করেছে, প্রকৃত নিহতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি হতে পারে। নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা ও গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

This post was viewed: 6

আরো পড়ুন