পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ১৪টি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিছু দেশে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটি থাকায় সেসব দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি অস্বীকার করেছে।
আইআরজিসি জানিয়েছে, শত্রুপক্ষের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের আরও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলো এখন তাদের সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হয়েছে।
যেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে কিংবা প্রতিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, সেগুলোকেও হামলার আওতায় আনা হবে বলে জানান তিনি।