ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত বিমানটি ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ ছিল। এতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারের জন্য তৎক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী দুর্ঘটনাটি কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে ঘটেনি। তবে দুর্ঘটনার সময় ওই অঞ্চলে আরেকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল।
মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। নিহত সেনাদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে।
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহকারী বিমানগুলোর চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেন্টকমের দ্রুত উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা সম্ভব কি না, তা নজরদারি করা হচ্ছে। ঘটনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়া-সংক্রান্ত সমস্যাও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে নির্ধারিত তদন্তের পর চূড়ান্ত কারণ জানা যাবে।