Ridge Bangla

ইউক্রেনে শান্তির খোঁজে ট্রাম্পের দেখা চান জেলেনস্কি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক তৎপরতার গতি বেড়েছে। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ জানিয়েছেন, নভেম্বরে উপযুক্ত তারিখে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর আয়োজনের চেষ্টা চলছে। এই সফরের লক্ষ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে শান্তি-চুক্তির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো।

উমেরভ দাবি করেন, জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেন শান্তি-ফ্রেমওয়ার্কের মূল শর্তগুলোতে অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছে। যদিও হোয়াইট হাউস এখনো সম্ভাব্য ট্রাম্প–জেলেনস্কি বৈঠক নিয়ে মন্তব্য করেনি। অন্যদিকে ওয়াশিংটন নিশ্চিত করেছে, তাদের কর্মকর্তারা শিগগিরই আবুধাবিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবিত চুক্তি নিয়ে আরও আলোচনা করবেন।

তবে দখলকৃত ভূখণ্ডের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিয়েভ ও মস্কোর বিস্তর মতপার্থক্য কীভাবে কমবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। প্রথম খসড়া পরিকল্পনাকে রাশিয়ার পক্ষে ঝুঁকে আছে বলে ইউক্রেন ও ইউরোপের নেতারা সমালোচনা করেছেন। যুক্তরাজ্য–ফ্রান্স–জার্মানির পাল্টা-প্রস্তাবে দখলকৃত অঞ্চল স্বীকৃতি বাদ, বড় সেনাবাহিনী বজায় রাখা এবং ন্যাটো সদস্যপদের পথ খোলা রাখা হয়েছে। সংশোধিত এই প্রস্তাবকে মেনে নেওয়ার মতো বলে মন্তব্য করেছেন জেলেনস্কি, যদিও ক্রেমলিন তা অগঠনমূলক হিসেবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে যুদ্ধক্ষেত্রে রাত্রিকালীন হামলা–প্রতিহামলায় কিয়েভে ছয়জন এবং রাশিয়ার রোস্তভ অঞ্চলে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

This post was viewed: 90

আরো পড়ুন