প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিজের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের রাজনৈতিকভাবে অযোগ্য বা ‘ডিসকোয়ালিফাইড’ করেছে। কোনো রাজনৈতিক দল যখন অস্ত্রের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তখন জনগণ সেই দলকে আর রাজনীতি করার সুযোগ দিতে পারে না।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাসের (চঞ্চল গোসাই) সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, অতীত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার বারবার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন ও জুলুম চালানো হয়েছে। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনতে হবে। তাদের অবশ্যই দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।