Ridge Bangla

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় নারকীয় হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি পুলিশ ভ্যানে তুলে মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৫ ফেব্রুয়ারি এই আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই তারিখ চূড়ান্ত করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত ২০ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ আইনি বিতর্ক ও যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহতদের ভ্যানে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম এবং পরিদর্শক আরাফাত হোসেনসহ আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ বাকি আট আসামি এখনো পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে আশুলিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে একটি পুলিশভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেয়। অভিযোগ রয়েছে, পুড়িয়ে দেওয়ার সময় ভ্যানে থাকা অন্তত একজন তখনো জীবিত ছিলেন। এছাড়া ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় আরও একজনকে হত্যার অভিযোগ এ মামলায় যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট এই ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল। দেশজুড়ে আলোচিত এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে নিহতদের পরিবারসহ জুলাইয়ের ভুক্তভোগী সাধারণ মানুষ।

This post was viewed: 10

আরো পড়ুন