ফরিদপুরের আলফাডাঙ্গায় পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে অভিযান চালায় র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানের সময় গ্রেপ্তারকৃত সাদ্দামের বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুরে কাদামাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবের একটি প্রাচীন প্রতিমা বলে ধারণা করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, সাদ্দাম শেখ মূর্তিটি প্রায় ৩০ লাখ টাকায় সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে বিদেশে পাচার কিংবা দেশের ভেতরে উচ্চমূল্যে বিক্রির পরিকল্পনায় সেটি পুকুরে গোপনে লুকিয়ে রাখা হয়। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কালোবাজারে এ ধরনের বিরল ও প্রাচীন কষ্টিপাথরের মূর্তির মূল্য কয়েকশ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মূর্তিটি পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত প্রত্নবস্তু বর্তমানে রাষ্ট্রীয় হেফাজতে রয়েছে এবং দ্রুত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।