দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যেই ধরা দিলেন টিমোথি শ্যালামে ও কাইলি জেনার। প্রায় দুই বছরের বেশি সময় ধরে প্রেম করলেও শুরুতে নিজেদের সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন এই তারকা যুগল। মাঝেমধ্যে নাইট ক্লাব কিংবা রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেলেও প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি কেউই।
২০২৩ সাল থেকে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও মাঝখানে বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সব জল্পনায় জল ঢেলে দেয় সাম্প্রতিক একটি উপস্থিতি। ৮ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমার প্রিমিয়ারে দ্বিতীয়বারের মতো একসঙ্গে লালগালিচায় হাজির হন শ্যালামে ও জেনার।
যদিও ছবির মূল তারকা টিমোথি শ্যালামে, কাইলি জেনার এতে অভিনয় করেননি; তবু যুগল হিসেবে উপস্থিত হয়ে প্রিমিয়ারের সব আলো যেন কেড়ে নেন তাঁরা। বিশেষ করে দুজনের ম্যাচিং উজ্জ্বল কমলা রঙের পোশাক মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে।
জানা যায়, সাম্প্রতিক কয়েক মাসের বিচ্ছেদের পর এই প্রিমিয়ার দুজনের জন্যই ছিল একধরনের পুনর্মিলনের মুহূর্ত। ইউরোপে ‘ডিউন–৩’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শ্যালামে, অন্যদিকে যুক্তরাষ্ট্রেই ছিলেন জেনার। শুটিং থেকে বিরতি নিয়ে শ্যালামে প্রেমিকার সঙ্গে থ্যাংকসগিভিং ডে কাটান এবং পরে যোগ দেন নিজের সিনেমার প্রিমিয়ারেও।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, শ্যালামে ও জেনার এখন তাঁদের সম্পর্ক বেশ উপভোগ করছেন। তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই তাঁদের।
প্রসঙ্গত, জশ সাফডি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর।