কক্সবাজারের টেকনাফ এলাকার সেন্টমার্টিন দ্বীপের কাছে মাছ শিকারের সময় মিয়ানমারের আরাকান আর্মি ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে পৃথক দুটি নৌকাসহ এ ঘটনা ঘটে।
আটক জেলেদের মধ্যে সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) এবং শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০) রয়েছেন। বাকি সাতজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে কয়েকজন জেলে মাছ শিকারে গিয়েছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় জেলেকে আটক করে নৌকায় থাকা মাছ ও জাল জব্দ করে নিয়ে যায়। দুপুরে ফেরার পথে আরও একটি নৌকাসহ সাত জেলেকে আটক করা হয়।
স্থানীয় জেলে কলিম উদ্দিন ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলেদের আটক হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।