Ridge Bangla

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ইরান–ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে।

প্রবাসীদের নিজ নিজ বাসস্থান অথবা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে এবং খোলা আকাশের নিচে অপ্রয়োজনীয় অবস্থান বা জমায়েত থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে প্রবাসীদের সবসময় সঙ্গে রাখতে বলা হয়েছে নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন চার্জার ও পাওয়ার ব্যাংক, পর্যাপ্ত পানি এবং শুকনো খাবার।

দূতাবাস সতর্ক করে স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং দেশটির প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও প্রচার করা কিংবা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে দেওয়া দেশটির প্রচলিত আইনবিরোধী। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসীদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে-

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি

হটলাইন:
+৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫
+৯৭১ ০২ ৪৪৬ ৫১০০
+৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২
+৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬
ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই

হটলাইন:
+৯৭১ ৫০৮১৬৮২৫৩
+৯৭১ ৫০৮১৬৮৩৬৩
ই-মেইল: mission.dubai@mofa.gov.bd

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন