Ridge Bangla

আবীর চ্যাটার্জির মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের: জয়া আহসান

ওপার বাংলায় সমান জনপ্রিয় জয়া আহসান দীর্ঘদিন ধরে কাজ করছেন কলকাতার সিনেমায়। সেখানে তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য সহশিল্পীর একজন আবীর চ্যাটার্জি এ কথা বহুবারই বলা হয়েছে। তবে সম্প্রতি জয়ার ভাষ্যে এই বন্ধুত্ব আরও গভীর, আরও রূপ পেল।

জয়া বলেন, ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গে কাজ করলেও আবীর তাঁর কাছে আলাদা। তিনি নির্ঝঞ্ঝাট, বিনয়ী এবং অত্যন্ত পেশাদার একজন মানুষ। জয়ার মতে, “আবীরের সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর ও–ই আমার সবচেয়ে বড় কমফোর্ট জোন। কখনও কোনো আড্ডায় বা সেটে কাউকে নিয়ে সমালোচনা করতে দেখিনি। কেউ কষ্ট পেতে পারে এমন কথাও ও বলে না।”

সম্প্রতি ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার প্রচারণায় তাঁরা গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস দেখে জয়া নিজেও অভিভূত হন। তাঁর ভাষায়, “আবীর ঢুকতেই যা হলো! সবাই শুধু ওর দিকে তাকিয়ে। কী অপূর্ব দৃশ্য ছিল তা ওর জনপ্রিয়তা দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি। এভাবে ভক্তদের সামলে রাখা খুব কঠিন, কিন্তু আবীর দারুণভাবে ম্যানেজ করে।”

জয়া মনে করেন, আবীরের কাছ থেকে শেখার আছে অনেক কিছু, বিশেষ করে পরিবার ও কর্মজীবন একসঙ্গে সামলে রাখার ক্ষমতা। তিনি বলেন, “সংসার ও পেশা দুটোই যত্নে ম্যানেজ করে। আমরা অনেক সময় বলি দুটো সামলানো কঠিন, কিন্তু ও বারবার ভুল প্রমাণ করে দেখিয়েছে।”

This post was viewed: 69

আরো পড়ুন