দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিম ও উত্তর-পশ্চিমমুখী হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর চূড়ান্ত গতিপথ এখনো নিশ্চিত নয়।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশে এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। সম্ভাব্য গতিপথ ভারতের তামিলনাড়ুর দিকেই হতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে, তবে আঘাতের সম্ভাব্য স্থানের বিষয়ে নিশ্চিত হতে আরও কয়েকদিন সময় লাগবে।
এদিকে রোববার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৮ শতাংশ। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৯ মিনিটে।
দেশের বেশিরভাগ এলাকায় শীতের তেমন প্রভাব না দেখা গেলেও কিছু অঞ্চলে তাপমাত্রা নিচের দিকে নামছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে দাঁড়িয়েছে ১২.৬ ডিগ্রিতে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।