Ridge Bangla

আন্তর্জাতিক টি-টোয়েন্টি হতে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ মাস বাকী। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় বসা কুড়ি কুড়ির আসরে খেলা হবে না মিচেল স্টার্কের। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অজি পেসার।

বিদায় বেলায় টেস্টকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে স্টার্ক বলেন, টেস্ট ক্রিকেটই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং থাকবে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ ভীষণ উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টার্ক। ২০২১ সালে বিশ্বকাপজয়ী দলের অংশও ছিলেন। ২০১২ সালে অভিষেক হওয়া স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট আছে ৭৯টি, অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

অবসর নিয়ে স্টার্ক আরও বলেছেন, ২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।

২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে স্টার্ক খেলা চালিয়ে যাবেন।

This post was viewed: 39

আরো পড়ুন