Ridge Bangla

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে পথচারী আহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, অন্য একজন পিটুনিতে আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী। অপরদিকে পিটুনিতে আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে রাকিব পাটোয়ারীর নেতৃত্বে ও শেখপুর গ্রামে মিতুলের নেতৃত্বাধীন লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাকিবের অনুসারীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। এছাড়া রাকিবের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের মামলাও রয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় পথচারী আব্দুর রহিমের বাম পায়ে গুলি লাগে। একই সময়ে মানিককে চেইন দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

This post was viewed: 2

আরো পড়ুন