নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই বাবা ও তাদের দুই ছেলেও রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার আল-মামুন শিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরের অনুসারী গ্রুপ ও খলিলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে ভোরে দুই পক্ষের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ বাধে। এতে ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা করা হয়।
হামলায় ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং ফেরদৌস হোসেনসহ তার ছেলে মুন্না প্রাণ হারান। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান।