আদালতের নির্দেশের প্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতা সমাধান করার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তফসিল প্রকাশিত হয়।
নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে রোববার (১৮ জানুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। নতুন তফসিল অনুযায়ী, দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগেই যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নতুন তফসিল অনুযায়ী অংশ নিতে চাইলে আবারও মনোনয়নপত্র জমা দিতে হবে।
গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণের পর ইসি যে গেজেট প্রকাশ করেছিল, তা নিয়ে আদালতে আপিল হয়। আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের কোনো বাধা নেই বলে রায় দেন। আদালতের নির্দেশ অনুযায়ী সাথিয়া উপজেলা পাবনা-১ আসনে এবং সুজানগর ও বেড়া উপজেলা একত্রে পাবনা-২ আসনে গণ্য হবে।
এর আগে পাবনা-১ আসনের বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২-এর সঙ্গে যুক্ত করার ইসির গেজেটের বৈধতা স্থগিত করেছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।