Ridge Bangla

আজ শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন শিক্ষা সচিব রেহানা পারভীন ও বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। স্বাগত বক্তব্য রাখবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

ইউজিসির তথ্যমতে, সম্মেলনে সার্কভুক্ত দেশের উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা অংশ নেবেন। তিন দিনে মোট আটটি সেশনে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার সুশাসন, গুণগত মান, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা এবং জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা হবে। শেষ দিনে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।

This post was viewed: 13

আরো পড়ুন